ভারতে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। ফিরে আসা বাংলাদেশিরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার রঙপুর গ্রামের বর্ণালী মন্ডল (২৫) ও তার স্বামী বলাই মন্ডল (৩০)। মঙ্গলবার বিকেলে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকের পর তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
কলারোয়ার কাঁকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার ফয়েজউদ্দীন জানান, মঙ্গলবার সকাল ৮টায় ভারত থেকে দেশে ফেরার পথে ভারতের হাকিমপুর টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে। বিষয়টি জানতে পেরে তাদের ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেয় বিজিবি। পরে বিকেলে কাকডাঙ্গা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের পর তাদের বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।
কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ শফিকুর রহমান বলেন, আটক দুই ব্যক্তিকে মঙ্গলবার বিকেলে বিজিবি কলারোয়া থানায় সোপর্দ করেন। তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় অবৈধ পথে ভারত যাওয়ার অভিযোগে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।