পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক বলেছেন, সহিংসতা আর নাশকতা ঠেকানোর জন্যই মোটরসাইকেলে দুইজন আরোহী বহন নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞার বাইরে। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দফতরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নতুন কমিটির সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। ক্র্যাব সভাপতি ইসারফ হোসেন ইসার নেতৃত্বে নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান খানসহ নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
পুলিশ প্রধান আরো বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের আইনগত কিছু ছাড় রয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক। সুতরাং এ নিয়ে সমালোচনা সৃষ্টি না করে বরং পুলিশকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন শহিদুল হক। সাংবাদিকদের সঙ্গে পুলিশের আচরণে ভবিষ্যতে আরো সহনশীল ও সহযোগিতাপূর্ণ হবে বলে আশা করে তিনি বলেন, পুলিশ ও সাংবাদিকদের কাজের লক্ষ্য অভিন্ন। সবাই দেশের জন্য কাজ করেন। দেশের স্বার্থ ও নিরাপত্তাকে প্রাধান্য দেয়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। অপরাধ দমন ও নিয়ন্ত্রণে সাংবাদিকদের আরো পেশাদারি ভূমিকা আশা করেন আইজিপি।
ক্র্যাব সভাপতি ইসারফ হোসেন ইসা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা যাতে পুলিশি হয়রানির শিকার না হয় সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা থাকতে হবে।