খুনিদের সঙ্গে কিসের সংলাপ: প্রধানমন্ত্রী

 
বিএনপি-জামায়াত জোটের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকোচ করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কার সঙ্গে সংলাপ, খুনিদের সঙ্গে?’ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
শেখ হাসিনা বলেন, মানুষকে বাঁচার সুযোগ না দিয়ে হত্যা করা-এটা কোনো রাজনীতি না, এটা একেবারে জঙ্গিবাদী কাজ, সন্ত্রাসী কর্মকাণ্ড। এভাবে মানুষ হত্যা সহ্য করা হবে না। খালেদা জিয়াকে এই মুহূর্তে মানুষ হত্যা বন্ধ করতে হবে।
এসব হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিকভাবে জঙ্গিবাদের যেভাবে বিচার হয় সেভাবে বিচার করব।’
বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে হরতাল-অবরোধের মধ্যে সহিংসতায় দগ্ধ ব্যক্তিদের অবস্থান পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সেখানে প্রত্যেককে ১০ লাখ টাকা করে অনুদান দেন তিনি।