ঝুট ব্যবসায়ীর হাতের রগ কেটে দিলো ইউপি মেম্বার

সাভারের আশুলিয়ায় বাপ্পী মিয়া (৩৫) নামে এক  ঝুট ব্যবসায়ীকে কুপিয়ে হাতের রগ কেটে দিয়েছে স্থানীয় এক ইউপি সদস্য ও তার দলবল। মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় বাপ্পী মিয়াকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা গেছে, আশুলিয়ার কাইচাবাড়ী এলাকার ফোর এ ইয়ার্ন ডাইং লিমিটেডের ঝুট ব্যবসায়ী বাপ্পী মিয়া রাতে কাইচাবাড়ী এলাকায় একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় ধামসোনা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড মেম্বার হালিম চৌধুরী ও তার লোকাজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ঝুট ব্যবসায়ী বাপ্পীকে কুপিয়ে আহত করেন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাপ্পীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি । এ ব্যপারে কোন অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’