বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি করায় হবিগঞ্জে দায়ের করা মানহানি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসাইন মামলার শুনানি শেষে এ আদেশ দেন।
গত বছরের ২৪ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান খাঁন তুহিন বাদী হয়ে তারেক রহমানের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, লন্ডনে একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেন। আসামির নামে সমন জারি হয়ে ফেরত আসায় এবং আসামি আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আগামী ৩১ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।