মার্কেন্টাইল ব্যাংকের এমডিকে দুদকে জিজ্ঞাসাবাদ

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এক পরিচালকের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. এহসানুল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-সহকারী পরিচালক সিনথিয়া ফেরদৌস তাকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদক সূত্র জানায়, মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান মো. আমান উল্লাহর বিরুদ্ধে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) ফান্ড থেকে এক কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
ব্যাংকের সিএসআর ফান্ড থেকে ব্যাংকের ওই পরিচালকের নিজস্ব চ্যারিটেবল ট্রাস্ট আমান গ্রুপ ফাউন্ডেশনের নামে ওই অর্থ আত্মসাত্ করা হয়।
২০১৪ সালের ২ ও ৩ এপ্রিল আত্মসাতের ঘটনা ঘটে। সিএসআর ফান্ড পাওয়ার জন্য আমান গ্রুপ ফাউন্ডেশনের ওপর বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করলে এতে গরমিল পাওয়া যায়।
বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে দেখা যায়, ওই সময় প্রতিষ্ঠানের নামে কোনো সম্পত্তি ছিল না।
 ব্যাংকের পরিদর্শনের পর মো. আমান উল্লাহ তার নিজস্ব সম্পত্তি প্রতিষ্ঠানে দান করেন। মার্কেন্টাইল ব্যাংকের বর্তমান এমডি ওই অর্থ আত্মসাতের ঘটনার সময় তখনও ব্যাংকের এমডি ছিলেন।
অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যে মো. আমান ‍উল্লাহসহ তার স্ত্রী তাজনীন আমান ও তার ছেলে তাহসিন আমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক