দেশে সাংবিধানিক বা রাজনৈতিক কোন সমস্যা নেই: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জঙ্গিবাদ-নাশকতা ও আগুন-সন্ত্রাস ছাড়া দেশে সাংবিধানিক বা রাজনৈতিক কোন সমস্যা নেই। তাই সবার আগে এই নাশকতা ও আগুন সন্ত্রাস বন্ধ করতে হবে। যারা সংলাপ ও জাতীয় সনদের কথা বলছেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘অনুগ্রহ করে নাশকতা ও আগুন-সন্ত্রাস বন্ধের জন্য খালেদা জিয়ার কাছে তদবীর করুন, ধরনা দিন।
বুধবার সকালে ব্যক্তিগত সফরে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগের প্রাক্কালে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এ মতামত ব্যক্ত করেন। চিকিত্সা শেষে আগামী ষোল ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা।
তথ্যমন্ত্রী বলেন, আন্দোলনের নামে জঙ্গিবাদী, আগুন-সন্ত্রাসী ও যুদ্ধাপরাধী-এই তিন গণতন্ত্রের শত্রুকে হালকা করা, আড়াল করা বা হালাল করা চলবে না। সরকার রাজনৈতিক কোন দমন-পীড়ন করছে না, বরং জনগণের জান-মাল বাঁচাতে আগুন সন্ত্রাসীদের দমন করার জন্য আইনানুগ পদক্ষেপ নিয়েছে।
দেশের ইতিহাসের দিকে ইঙ্গিত করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত চক্রই রাজনৈতিক প্রতিপকে নিঃশেষ করার রাজনীতি করে। তারা সপরিবারে বঙ্গবন্ধু ও কর্ণেল তাহেরকে হত্যা করেছে এবং শেখ হাসিনাকে হত্যার ঘৃণ্য অপচেষ্টা চালিয়েছে। হাসানুল হক ইনু বলেন, নাশকতাকারী ও আগুন-সন্ত্রাসীদের পরাজিত করার পরই কেবল অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হতে পারে, এর আগে অন্য কোন চিন্তা নয়।