নারায়ণগঞ্জে ছাত্রদল নেতাসহ ২জন আটক, পেট্রোল বোমা উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পেট্রোল বোমাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। যাদের মধ্যে একজন ছাত্রদলের সক্রিয় নেতা বলে জানা গেছে। বুধবার রাত ১১টায় ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে মোটরসাইকেলে চড়ে এসে নাশকতার সময়ে দুইজনকে আটক করে পুলিশ।

আটককৃত দুইজনের নাম রফিকুল ইসলাম ও গাজী মিয়া। এ দুইজনের মধ্যে রফিকুল ইসলাম ছাত্রদলের সক্রিয় নেতা বলে জানা গেছে। যদিও জেলা ছাত্রদলের আহবায়ক কমিটিতে তার কোন পদ নেই।

ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, মোটরসাইকেলে করে আসা দুইজন খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের সামনে নাশকতার সময়ে টহল পুলিশ তাদের আটক করে। তাদের কাছ থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।