ভিসির পদত্যাগের দাবিতে অনশন কর্মসূচিতে শিক্ষকসহ অসুস্থ-৯

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর পদত্যাগসহ সাত দফা দাবিতে চলমান অনির্দিষ্টকালের ধর্মঘটের সঙ্গে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। গত রবিবার রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া অনশন কর্মসূচিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিন শিক্ষকসহ নয় জন। বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের সামনে ওই অনশন কর্মসূচিতে দাবি আদায়ে অংশ নিচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডিকে অনশনকারীদের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়ে জানানো হলেও তারা নিরাপত্তা দিতে অস্বীকার করেছেন। নিরাপত্তার বিষয়ে অনশনকারীদের পক্ষ থেকে রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক ও কোতোয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানীকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে ওসি আব্দুল কাদের জিলানী বলেন, অনশনস্থলে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এদিকে উপাচার্যের পদত্যাগসহ সাত দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মহানগরীর শাপলা চত্বর ও রংপুর প্রেসক্লাব এলাকায় মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।