কালীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে গতকাল বুধবার দুপুরে শিহাব উদ্দিন নয়ন (২২) নামে এক ছাত্র খুন হয়েছেন। তিনি তিতুমীর কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় তার মা ইয়াসমিন বেগমও (৪২) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নয়নের মামাতো ভাই ইমাম হোসেনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে শত্রুতা চলছে। এর জের ধরে ইমাম হোসেন তার সহযোগী ৬/৭ জন সন্ত্রাসী নিয়ে নয়নের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা প্রথমে নয়নের মাকে ৪ রাউন্ড গুলি করে এবং বাম হাত কেটে ফেলে। এসব দেখে নয়ন বাঁচার জন্য দৌড়ে প্রতিবেশী শহিদুল্লার পরিত্যক্ত একটি ঘরে আত্মগোপন করে। সেখানে গিয়েও শেষ রক্ষা হয়নি নয়নের। সন্ত্রাসীরা শহিদুল্লার বাড়িতে গিয়ে ১০ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে সারা শরীর ঝাঁঝরা হয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মা ও ছেলেকে ঢাকার এ্যাপোলো হসপিটালে নিয়ে যায়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার নয়নকে মৃত ঘোষণা করেন।