শান্তি আলোচনার মাঝেই ইউক্রেনে সংঘর্ষে নিহত ২০

ইউক্রেন সংকট নিয়ে গতকাল বুধবার ইউক্রেন, রাশিয়া, ফ্রান্স ও জার্মানির নেতাদের মধ্যে শান্তি আলোচনার মধ্যে আবারো সংঘর্ষের ঘটনা ঘটলো। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরে ২০ জনের বেশি মারা গেছে। রাশিয়াপন্থি বিদ্রোহীরা দাবি করেছে, তারা একটি শহর ঘিরে ফেলেছে। সেখানে ১৯ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। এছাড়া রাশিয়াপন্থিদের নিয়ন্ত্রণে থাকা দোনেস্কে গোলাবর্ষণে আরো পাঁচ জন নিহত হয়েছে। খবর বিবিসি’র।

বেলারুশের রাজধানী মিনস্কে আবারো যুদ্ধবিরতির লক্ষ্যে বৈঠকে বসার কথা রয়েছে ইউক্রেন, রাশিয়া, ফ্রান্স ও জার্মানির নেতাদের। ইউক্রেনীয় অঞ্চলের সংঘর্ষ দমাতে ভারী অস্ত্রের ব্যবহার বন্ধ ও সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত হতে পারে এ বৈঠক থেকেই। ইউক্রেনের পূর্বাঞ্চলের এই সংঘর্ষের পরও একটা ফলপ্রসূ সিদ্ধান্তে আসার চিন্তা করছেন বৈঠকে অংশ নেয়া ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ ও জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল।

গত বছরের সেপ্টেম্বরে মিনস্কে যুদ্ধবিরতি চুক্তি হলেও সেটি বাস্তবায়িত হয়নি। গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনে সংঘর্ষের ঘটনা বেড়ে গেছে। গত এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে অস্থিরতা তৈরি করছে রাশিয়ার বিদ্রোহীরা। এছাড়া সীমান্ত দিয়ে প্রায়ই সেনা পাঠাচ্ছে রাশিয়া। তবে বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া।