ক্ষমতার রাজনীতির মুখে থুথু দেই, একে পরিত্যাগ করতে হবে: এইচএম এরশাদ

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘পেট্রোল বোমা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। হত্যার রাজনীতি-রাজনীতিকেই হত্যা করে। এই রাজনীতিকে নির্বংশ করতে হবে। এ রাজনীতি পরিত্যাগ করতে হবে। ক্ষমতার রাজনীতির মুখে থুথু দেই।’ গতকাল বুধবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ঢাকা মহানগর (দক্ষিণ) জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

এরশাদ বলেন, তাদের (বিএনপি) কাছে ভোট বড়, ক্ষমতা বড়। আগামী প্রজন্মের পরীক্ষা তাদের কাছে বড় নয়। আমরা ঘরে বসে থাকার রাজনীতি করছি। কোন দেশে বাস করছি, রাতের আঁধারে পার্টি অফিসে যেতে পারি না। ছেলেকে স্কুলে পাঠাতে পারছি না। কী স্বাধীন দেশ! নিয়তির কী নির্মম পরিহাস। যাদের কাছে আমরা ভোট ভিক্ষা করি তারাই এখন প্রাণ ভিক্ষা চেয়ে বলছে, আমাদের পুড়িয়ে মেরো না। কিন্তু তাদের কান্না আমাদের কানে পৌঁছায় না। ঘরে থাকলে ক্ষুধার আগুন; আর বাইরে গেলে পেট্রোল বোমার আগুন, তাহলে মানুষ যাবে কোথায়?

তিনি বলেন, ‘আমরা দেশে কোনো অসুস্থ রাজনীতি চাই না। এর অবসান চাই। কারণ রাজনীতিকরা আজ সমাজের ঘৃণ্যবস্তু। আমরা বঙ্গবন্ধু ও সোহরাওয়ার্দীকে দেখেছি। তাদের আমরা স্মরণ করি। কিন্তু আমাদের কেউ স্মরণ করবে না, ঘৃণা করবে। আমরা আজ যে ঘৃণার রাজনীতি সৃষ্টি করেছি এর শিকার আজ আমরাই।’ আয়োজক সংগঠনের সভাপতি হারিছ মো. আবুল বাশারের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায় ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া।