এ মুহূর্তে সংলাপকেই একমাত্র পথ বলে উল্লেখ করে বাংলাদেশে চলমান সংকটাবস্থা থেকে উত্তরণে জাতিসংঘ ও আন্তর্জাতিক সমপ্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে বিএনপি। ‘টাইমস অব ইন্ডিয়া’র কাছে দেয়া এক ইমেইল-সাক্ষাত্কারে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বিএনপি’র অবস্থানের কথা তুলে ধরেন। তিনি মনে করেন, উদ্ভূত পরিস্থিতিতে সংলাপের কোনো বিকল্প নেই। ফের সংলাপের মাধ্যমেই এ সঙ্কটাবস্থা থেকে উত্তরণ সম্ভব। দেশে বিরাজমান সহিংসতা ও অচলাবস্থা নিরসনে আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মধ্যে সংলাপ আয়োজনে তিনি জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সঙ্কট সমাধানের একমাত্র পন্থা হচ্ছে ঐকমত্যে আসার জন্য পরামর্শ ও আলোচনা করা। সংলাপ ব্যর্থ হলে, পরবর্তী বিকল্পও সংলাপ। নিরীহ মানুষকে টার্গেট করে বিএনপি কেন সহিংসতার পথ বেছে নিলো এমন এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, বিএনপি কোনো ধরনের সহিংসতার সঙ্গে যুক্ত নয়। চলমান সহিংসতা ‘কোন রোগ নয়, রোগের উপসর্গ’ বলে তিনি মন্তব্য করেন।