নালিতাবাড়ীতে মাদ্রাসা শিক্ষক খুন, মহিলাসহ আহত ৩

শেরপুরের নালিতাবাড়ী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে রমজান আলী (৪২) নামে এক মাদ্রাসা শিক্ষক খুন হয়েছেন। তিনি উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ীপাড়া গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে এবং চিনামার দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দাওধারা কাটাবাড়ীপাড়া  গ্রামে এ খুনের ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের আরো তিনজন আহত হন। তারা হলেন, নিহত রমজান আলীর বড় ভাই নূর আলী (৬০), বোন শামছুন্নাহার (৪৫) ও জয়ফল মিয়া (২৫)। নূর আলী ও জয়ফলকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাগানের কাঠ কাটা নিয়ে নিহত রমজান আলীর সঙ্গে গ্রামের শাহা আলীর বিবাদ ছিল। গতকাল দুপুরে নিহত রমজান আলী ও তার ভাই নূর আলী শাহা আলীর ছেলে জয়ফলকে মারধর করেন। এর জের ধরে শের আলী পক্ষ দেশীয় অস্ত্র দিয়ে রমজান আলী, নূর আলী ও তাদের বোন শামছুন্নাহারকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাদের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক রমজান আলীকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আমিনুল হক জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।