গদখালীর ফুলের বাজারে জেগেছে প্রাণ

হরতাল-অবরোধের বাধা উপেক্ষা করে ফুলের রাজধানী গদখালীর পাইকারি বাজার আবার প্রাণ ফিরে  পেয়েছে। বসন্ত বরণ আর ভ্যালেন্টাইন ডে-কে সামনে রেখে গত দু’দিন বাজার জমজমাট হয়ে ওঠে। দেশের নানা প্রান্তের ফুল ব্যবসায়ীরা গদখালীর ফুলহাটে ভিড় করছেন। ভালো বেচাবিক্রিতে বেজায় খুশি ফুলচাষিরা। গত দু’দিনে এখানে প্রায় ২ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে।

আজ (বৃহস্পতিবার) এবং আগামীকাল (শুক্রবার) ফুলের বাজার সর্বোচ্চ অবস্থানে উঠবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আজ বছরের সর্বাপেক্ষা বেশি ফুল বিক্রি হবে বলে আশায় মুখিয়ে আছেন এখানকার ফুলচাষিরা। আর এই বিক্রির পরিমাণ ৩ কোটি টাকা ছুঁতে পারে বলে ধারণা তাদের। শুক্রবারের বিক্রিও ভালো হয়ে এই দুই দিনের বিক্রি সব মিলিয়ে ৭-৮ কোটি টাকা হতে পারে। আর শহীদ দিবস পর্যন্ত পাইকারি এই ফুল বাজারে ১২-১৩ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ফুল ফুটিয়েছেন চাষিরা। তবে গদখালী ফুল ব্যবসায়ী মালিক   সমিতির সভাপতি আব্দুর রহিম জানান, হরতাল-অবরোধে তাদের ব্যবসা এবার আশানুরূপ হয়নি। রাজনৈতিক ডামাডোল এভাবে থাকলে ব্যবসার লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত হবে না।

তিনি আরো জানান, বিশেষ দিন ছাড়াও স্বাভাবিক সময়ে স্থানীয় গদখালী ফুলহাটে দিনে ১০ থেকে ১২ লাখ টাকার ফুল বিক্রি হলেও অবরোধের বাজারে এক থেকে দেড় লাখ টাকার ফুল বেচাকেনা হয়ে থাকে। তবে হরতাল-অবরোধের মধ্যেই বসন্ত বরণ আর ভ্যালেন্টাইন ডে-কে সামনে রেখে মঙ্গলবার থেকে ঘুরে দাঁড়ায় বাজার। প্রতি ১০০ গোলাপ বিক্রি হয় ৮শ’ থেকে ৯শ’ টাকায়। রজনীগন্ধা ৩শ’ থেকে সাড়ে ৩শ’ টাকা, গ্লাডিওলাস রঙ ভেদে ৮শ’ থেকে এক হাজার টাকা এবং জারবেরা ৮শ’ থেকে ১২শ’ টাকায় প্রতি ১০০টি বিক্রি হয়।