মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসলামিক স্টেট যোদ্ধাদের বিরুদ্ধে ৩ বছরের জন্য সামরিক হামলা চালানোর ব্যাপারে কংগ্রেসে অনুমোদন চেয়েছেন। খবর বিবিসির।
কংগ্রেসের অনুমোদন চাওয়ার পর হোয়াইট হাউজে দেয়া বক্তৃতায় ওবামা বলেন, “এই প্রস্তাবের মধ্য দিয়ে আমাদের মূল উদ্দেশ্য পরিষ্কারভাবেই প্রতিফলিত হচ্ছে। আর তা হলো আইএসকে নিশ্চিহ্ন করে দেয়া"।
তিনি আরো বলেন, "একটি ব্যাপক ও সমন্বিত কৌশলের মাধ্যমে ইরাক ও সিরিয়ায় আইএস যোদ্ধাদের বিরুদ্ধে স্থানীয় বাহিনীগুলোকে সহায়তা ও প্রশিক্ষণ দেয়া হবে। সিরিয়ার রাকা শহরে আইএস যোদ্ধারা সিরিয়ার বিরোধীদেরও অন্তর্ভূক্ত করা হবে। ওই অঞ্চলে আইএস বাহিনীর হামলা প্রতিহত করতে হবে।"
এজন্য আইন প্রণেতাদেরকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।
বর্তমানে অবশ্য প্রেসিডেন্টের সংবিধিবদ্ধ একক ক্ষমতাবলে ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের একটি অভিযান চলছে।
আইএস যোদ্ধাদের দমন করতে ২০১৪ সাল থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে মার্কিন নেতৃত্বাধীন জোট।
২০০২ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাক অভিযানে সামরিক বাহিনী মোতায়েনের জন্য কংগ্রেসের অনুমোদন চাওয়ার পর এই প্রথম অন্য কোনও মার্কিন প্রেসিডেন্ট একই ধরনের অনুমোদন চাইলেন ।