নারায়ণগঞ্জ ও ঢাকায় গুলিভর্তি ৪ বিদেশি পিস্তল উদ্ধার, আটক ৬

নারায়ণগঞ্জ পুলিশ গতকাল বুধবার গুলিভর্তি চারটি বিদেশি পিস্তল উদ্ধার ও এ ঘটনায় মোট ৬ জনকে আটক করেছে। ফতুল্লা ও ঢাকার বাড্ডায় এগুলো উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ তিনজনকে আটকের পর বুধবার রাতে অভিযান চালিয়ে আরো দুইজনকে আটক ও ম্যাগজিনসহ আরো তিনটি পিস্তল উদ্ধার করে ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ।
গতকাল দুপুরে ফতুল্লা লঞ্চঘাট এলাকা থেকে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদউল্লাহ। আটককৃতরা হলো- ইমরান (২০), শাকিল (১৩) ও আল আমিন (১২)। তারা প্রত্যেকেই ঢাকার দক্ষিণ বাড্ডা দারোগা বাড়ি মোড় এলাকায় বসবাস করে। তাদের মধ্যে ইমরানের কাছ থেকে ৫টি গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। ৭ পয়েন্ট ৬২ বোরের পিস্তলের সাথে একটি ম্যাগজিন ছিল। ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদউল্লাহ জানান, আটককৃত ইমরান কিছুদিন আগে ফতুল্লা চৌধুরীবাড়ি এলাকায় বসবাস করতো। ইমরান মাইদুল নামে তার এক বন্ধুর কাছে আরো দুই কিশোর নিয়ে বুধবার দুপুরে আসে একটি পিস্তল বিক্রির জন্য। মাইদুল পিস্তল ক্রয়ের বিষয়টি চিন্তা-ভাবনা করার জন্য সময় চেয়ে আমাকে জানায়। আমি ক্রয় করবো বলে তাকে জানালে সে তাদেরকে আমার কাছে নিয়ে আসে। এসময় পিস্তল বের করে আমাকে দেখানোর সময় আশপাশের লোকজন ডেকে তাদের তিনজনকে আটক করি এবং থানায় ফোন করি। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আটক তিনজনের মধ্যে ইমরানের কাছ থেকে ৫টি গুলি ভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়। রাতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও ফতুল্লা মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঢাকার বাড্ডা এলাকা থেকে ওই তিনজনের স্বীকারোক্তি মোতাবেক আরো ২ জনকে আটক করে। তাদের কাছ থেকে আরো ৬টি ম্যাগজিন ও তিনটি ৭ পয়েন্ট ৬২ বোরের পিস্তল উদ্ধার করা হয়েছে।