বিএনপি জোটের অবরোধ ও হরতালে পরিবহন খাতে ক্ষতিগ্রস্তরা সাড়ে ছয় কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন। বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা জানান।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, প্রাথমিকভাবে সাড়ে ছয় কোটি টাকা দেওয়া হবে, তালিকা পেয়ে অলরেডি বরাদ্দ করা হয়েছে, তাদের কাছে এই টাকা খুব শিগগিরই পৌঁছে যাবে।
তিনি বলেন, অবরোধের মধ্যে এই পর্যন্ত ১২শ’র মতো গাড়ি ভাংচুর ও পোড়ানো হয়েছে। এর মধ্যে বিআরটিসিরও কয়েকটি বাস রয়েছে। এছাড়া অবরোধ-হরতালে নাশকতায় এপর্যন্ত ৪০ জন গাড়িচালক ও চালকের সহকারী নিহত হয়েছেন।
এর আগে ডেনিস রাষ্ট্রদূত হ্যানে ফুগল এসকেয়ার এর নেতৃত্বে বাংলাদেশে সফররত ডেনিস ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন ওবায়দুল কাদের।
এ বিষয়ে মন্ত্রী বলেন, তারা অবকাঠামোগত উন্নয়ন নিয়ে কথা বলেছেন। এর মধ্যে চট্টগ্রাম বন্দর, সোনাদিয়া ও পায়রা বন্দর উন্নয়ন নিয়ে। সেখানে সড়ক সংযোগ উন্নয়নে কিভাবে অংশ নিতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।