আজ বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫–এর সমাপনি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগের কারণেই ডিজিটাল বাংলাদেশের বিপ্লব সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘অনেকে বলেন দেশ এমনি এগিয়ে যাবে। কিন্তু দেশ এমনি এমনি এগিয়ে যাবে না। আসুন একসঙ্গে এগিয়ে যেতে থাকি। বাংলাদেশকে এগিয়ে নিতে থাকি।'
সজীব ওয়াজেদ জয় ডিজিটাল ওয়ার্ল্ডের এই আয়োজনটিকে ডিজিটাল বাংলয়াদেশ গড়ে তোলার পথে একটি সফলতা আখ্যা দিয়ে বলেন, 'প্রযুক্তির প্রতি তরুণদের আগ্রহ দেখে আনন্দ লাগছে। আমি এ জন্য গর্বিত। আমার স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশে আইটি ইন্ডাস্ট্রি গড়ে তুলব। এটি সেই স্বপ্নের একটি সফলতা'
তিনি ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত বিশ্বের কাতারে সামিল করার আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, 'বিদেশি রাষ্ট্রের অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, গার্মেন্টস খাতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। সে ক্ষেত্রে আমরা পরবর্তীতে কী করছি? আমি তাদের বলেছি, বিকল্প হিসেবে আমরা আইটি এক্সপার্ট তৈরিকে গুরুত্ব দিচ্ছি। আইসিটি এক্সপোর্ট আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। গত ৫ বছরে আমরা অনেক দূর এগিয়েছি। ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম সারির দেশ হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবে। এটা অসম্ভব কিছু নয়।