বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশি আহত

সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাঁড়ী সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে শেখ জাকির হোসেন (৩০) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করিয়েছে। জাকির উপজেলার লাবসা গ্রামের শেখ নাসির হোসেনের ছেলে। শুক্রবার ভোর রাতে এঘটনা ঘটে।
আহতের খালা মোছা. রুবিয়া খাতুন(৪৫) জানান, জাকির বৃহস্পতিবার বিকেলে ভারতে গরু আনতে যায় । গরু নিয়ে ফেরার পথে লক্ষীদাঁড়ী সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গা বিএসএফ তাকে ধরে নির্মমভাবে নির্যাতন করে। তারা বুট ও আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে জাকির হোসেনের ওপর অমানুষিক নির্যাতন চালায়। এতে তার সারা শরীর থেতলে যায় ও ডান হাত-পা ভেঙ্গে যায়। পরে বিএসএফ  তাকে লক্ষীদাড়ী সীমান্তে ফেলে রেখে যায়। স্থানীয়রা জাকিরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করায়। তার অবস্থা বেশ গুরুতর বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মারুফ হাসান।
ভোমরা বিজিবি ক্যাম্পের কমান্ডার সিরাজুল গনি বলেন, ‘এ বিষয়ে কিছুই জানি না।  তবে, খোজ খবর নিয়ে দেখা হচ্ছে।’