সংলাপের আহ্বান, ‘উদ্বিগ্ন নাগরিকদের’ কমিটি

 
চলমান রাজনৈতিক সংকট নিরসনে দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোকে আবারো সংলাপে বসার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ‘উদ্বিগ্ন নাগরিকদের’ পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে পেশাজীবীদের সমন্বয়ে গঠিত নাগরিক সমাজের একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক এটিএম শামসুল হুদা। সদস্যরা হলেন-তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, এ এস এম শাহজাহান, জামিলুর রেজা চৌধুরী, আকবর আলি খান, সি এম শফি সামি, রাশেদা কে চৌধুরী, রোকেয়া আফজাল রহমান, কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, আইনজীবী শাহদীন মালিক, গার্মেন্টস মালিক আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, গবেষক আহসান মঞ্জুর ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।