নাইজেরিয়ার জঙ্গি সংগঠন প্রতিবেশী চাদে রাতভর হামলা চালিয়েছে। নাইজেরিয়ায় অসংখ্য হামলার সাথে সংগঠনটি জড়িত থাকলেও এবারই প্রথমবারের মত চাদে হামলা করল তারা। দেশটি নাইজেরিয়া, নাইজার ও ক্যামেরুনের সাথে বোকো হারাম বিরোধী অভিযানে অংশ নেয়ার পর এই হামলা চালানো হল।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বোকো হারাম জঙ্গিরা মোটরচালিত নৌকায় চড়ে চাদ হ্রদ পাড়ি দিয়ে গিয়ে একটি গ্রামে হামলা চালায়। রয়টার্সের খবরে বলা হয়েছে, বেশ কয়েকজন গ্রামবাসীকে হত্যার পর সেনাবাহিনীর প্রতিরোধের মুখে বোকো হারাম জঙ্গিরা পালিয়ে যায়। তবে হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানা যায়নি। স্থানীয় লোকজন জানিয়েছে, পিছু হটার সময় বোকো হারাম জঙ্গিরা গ্রামটিতে খড়ের তৈরি বহু ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। এএফপির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চাদের বিমানবাহিনী জঙ্গিদের পালানোর সময় ব্যবহৃত নৌকাগুলো ধ্বংস করে দিয়েছে।