পদ্মা নদীতে মাছ ধরা নিয়ে কলহের জের ধরে মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে শাহজাহান সারেং (৫৫) নামে এক জেলেকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল এলাকার পদ্মা নদীর পাড়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত জেলে শাহজাহানের লাশ উদ্ধার ও প্রতিপক্ষের ১ জেলেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতের নাম গোপাল রাজবংশী (৪৫)।
শুক্রবার বেলা ১২টার দিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে জেলেকে হত্যা করার সত্যতা নিশ্চিত করেছে শ্রীনগর থানার এসএসআই মো. খায়রুজ্জামান।
তিনি জানান, শুক্রবার বেলা ১০টার দিকে নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে গ্রেপ্তারকৃত গোপাল রাজবংশীকে প্রধান আসামি করে প্রতিপক্ষের ৭ জেলের নামে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরো জানান, শ্রীনগর উপজেলার ভাগ্যকুল এলাকা সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরা নিয়ে জেলে গোপাল রাজবংশী ও শাহজাহান সারেংয়ের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে প্রতিপক্ষ গোপাল রাজবংশীর নেতৃত্বে একদল জেলে শাহজাহান সারেংকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।