গাজীপুরে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

গাজীপুরে সদর উপজেলার মনিপুর মধ্যপাড়া এলাকায় ভাড়া বাড়িতে স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছে। নিহতরা হলেন স্বামী মনিরুল ইসলাম (৪০) ও তার স্ত্রী ময়না বেগম (৩০)। পুলিশ রাত সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই হারুন অর রশিদ জানান, মনিরুল- ময়না বেগম দম্পতি মনিপুর মধ্যপাড়া এলাকার জনৈক হানিফের বাড়িতে ভাড়া থেকে এলিগেন্ট গার্মেন্টসে চাকরি করতেন। এলাকাবাসির মাধ্যমে খবর পেয়ে দরজা ভেঙ্গে ঘরের মেঝে থেকে ময়না বেগমের এবং ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মনিরুলের লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে, সন্ধ্যার পর কোন এক সময় ওই ঘরের দরজা বন্ধ করে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর নিজে ফ্যানের সঙ্গে ওড়নায় পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে মনিরুল।