টেকনাফে জমি নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ১৫

কক্সবাজারের টেকনাফে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে সাবরাং আলীর ডেইল স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে , সাবরাং কোয়াইনছড়িরপাড়ার ফজর আলীর ছেলে কালা মিয়া ও একই এলাকার নুর আহমদের ছেলে বশির আহমদের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এই জমির বিরোধকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে সাবরাং স্ক’ল মাঠে স্থানীয় ইউপি সদস্য শামসুল ইসলাম, করিব আহমদ, নুর মোহাম্মদ ও সাবেক ইউপি সদস্য সুলতার আহমদ মিলে জমির বিরুদ্ধে সালিসে বৈঠক বসে। বৈঠক শেষে বিচারকরা রায় দিয়ে চলে যায়। রায় বশির আহমদের বিপক্ষে যাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে আত্মীয়-স্বজন নিয়ে কালা মিয়ার উপর হামলা চালায়। এতে উভয়পক্ষের লোকজন দা, কিরিচ, লোহার রড ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষে ১৫ জন আহত হয়।
আহতরা হচ্ছে, আবদুল গফুর (৩০), সুলতান আহমদ (৪৫), বশির আহমদ (৩৩), মো. আয়ুব (২৮), মো. হারুন (২৭), ছেহের খাতুন (২৭), নুর হোসেন (৪৫), নাজির হোসেন (৬৫), আলী হোসেন (৬০), কালা মিয়া (৬৭), খুইল্লা বানু (৪০), জামাল হোসেন (৩২), নুর জাহান বেগম (৪৮), কামাল আহমদ (৩৫)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রণয় রুদ্রু তাদের প্রাথমিক চিকিৎসা শেষে গুরুত্ব আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নুর হোসেন (৪৫), খুইল্লা বানু (৪০), আলী হোসেন (৬০) ও নুর জাহান বেগম (৪৮) কে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে।
সাবরাং ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য শামসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সালিস বৈঠকে রায় শেষের কিছুক্ষন পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৫জন আহত হয়েছে। 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।