নেদারল্যান্ডে তুষারঝড়ে একটি বাড়ি ঢেকে গিয়েছিল। শহরের কর্তৃপক্ষ বরফ সরাতে বললেও সরাতে চাননি বাড়ির মালিক। কিন্তু বাধ্য হয়েই সরাতে হয়েছিল। আর সরানোটাই কাল হলো। বাড়িতে পাওয়া গেল মাদকদ্রব্য মারিজুয়ানা।
নেদারল্যান্ডের হারলেম শহরের পুলিশ জানিয়েছে, তুষারঝড়ে বাড়ির ছাদে বরফ জমেছিল। বরফ সরানোর পর ছাদ থেকে দেখা যায় ঘরের ভেতর রীতিমতো মারিজুয়ানার একটি কারখানা গড়ে উঠেছে। পুলিশ ওই বাড়ির একটি ছবিও টুইটারে প্রকাশ করেছে। ছবিতে দেখা যায়, বাড়ির ছাদের বিভিন্ন স্থানে কাঁচ দেয়া। কাঁচের ভেতর দিয়েই মূলত মারিজুয়ানার কারখানা দেখতে পাওয়া যায়। তদন্তকারীরা জানিয়েছেন, সমপ্রতি একই ঘটনা জুটহেম, আর্নহেম এবং আমার্সফুটের বাড়িতে ঘটেছে। আর এই ঘটনার পর এখন কোনো বাড়ির ছাদে যেন বরফ জমে না থাকে সেই বিষয়টি নিশ্চিতের চেষ্টা করছে পুলিশ। নেদারল্যান্ডে মারিজুয়ানার চাষাবাদ আইনত নিষিদ্ধ। - ইউপিআই