বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের উপায় খুঁজে বের করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাংক প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রেসিডেন্ট কেনেথ ওলাক। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ পর্যায়ক্রমে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং দেশের জনগণ গণতন্ত্রে বিশ্বাস করে। বাংলাদেশের গণতন্ত্রকে সুংসংহত করতে বর্তমান রাজনৈতিক সঙ্কটের সুরাহা প্রয়োজন। তিনি বাংলাদেশের গণতন্ত্রকে সুংসংহত করার ক্ষেত্রে ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (এনডিআই) এর পক্ষ হতে সকল সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন।
ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এনডিআই প্রেসিডেন্ট কেনেথ ওলাকের সঙ্গে স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে তার কার্যালয়ে সাক্ষাত করেন। এ সময় রাষ্ট্রদূত জিয়াউদ্দিন ও এনডিআই প্রধান কেনেথ ওলাক বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, স্বচ্ছতা, উগ্রবাদ ও সন্ত্রাস দমন বিষয়ে আলোচনা করেন। এনডিআই প্রধান বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ভ‚য়সী প্রসংশা করেন।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপকালে রাষ্ট্রদূত বলেন যে এ মুহূর্তে সংগ্রাম কার্যত উগ্রবাদী, যুদ্ধাপরাধী ও স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধে। তিনি এনডিআই প্রধানকে জনগণের দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম ও ১৯৭৫ পরবর্তী সামরিক শাসকদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে অবহিত করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সামরিক শাসকেরা সুচিন্তিতভাবে বঙ্গবন্ধুর হত্যাকারীদের সুরক্ষা এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও স্বাধীনতার বিপক্ষের শক্তিগুলোকে বাংলাদেশে রাজনীতিতে পুনর্বাসন করেছে। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, বাংলাদেশেন মানুষ গোড়া থেকেই ধর্মনিরপেক্ষ এবং ঐতিহ্যগতভাবে সকল ধর্মের মানুষ বাংলাদেশে শান্তি এবং সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। বাংলাদেশের প্রতিবেশী দেশ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বন্ধুপ্রতীম রাষ্ট্রকে নিয়ে সন্ত্রাস দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সাক্ষাতকালে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন এনডিআই প্রধান ওলাককে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা ও এর প্রাসঙ্গিক প্রেক্ষাপট তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি বলেন, উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার বাংলাদেশের মানুষের জীবনযাত্রার গুণগত মান্নোনয়নে বদ্ধ পরিকর।
এনডিআই’র সিনিয়র এসোসিয়েট ও এশিয়া বিভাগের পরিচালক পিটার এম মানিকাস ও বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) নাঈম উদ্দিন আহমেদ এসময় উপস্থিত ছিলেন।