চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদীগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। বিএনপি জোটের অবরোধ কর্মসূচিতে নাশকতার উদ্দেশ্যে রাজশাহীতে রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, লাইনের ফিসপ্লেট খোলা থাকায় ললিতনগর স্টেশনের কাছে লোকাল ট্রেনটির ইঞ্জিনসহ একটি বগি লাইন থেকে বেরিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হননি।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার ললিতনগর স্টেশনের ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে।
ওসির ধারণা, নাশকতার জন্যই কোনো এক সময় রেললাইনের ফিসপ্লেট খুলে রাখা হয়।
রাজশাহী রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল করিম জানান, এ ঘটনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার ভোর পাঁচটার দিকে আমনুরা জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে। আশা করা হচ্ছে, শিগগিরই ট্রেন চলাচল শুরু হবে।