একটি বোমাহামলার কথিত অভিযোগের সঙ্গে যুক্ত ইরানি কর্মকর্তাদের সহযোগিতা করা নিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজের বিরুদ্ধে মামলা পুনরুজ্জীবিত করেছেন দেশটির একজন সরকারি কৌঁসুলি। স্থানীয় সময় শুক্রবার গেরার্ডো পলিসিটাস নামের ওই কৌঁসুলি ক্রিস্টিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত করার সিদ্ধান্ত নেন। খবর আল-জাজিরার।
মামলাটি সামনে এগিয়ে নেয়ার পলিসিটাসের এই সিদ্ধান্ত তাত্পর্যপূর্ণ। কারণ, এটা গত ১৮ জানুয়ারি নিহত আর্জেন্টিনার আরেক শীর্ষ কৌঁসুলি আলবার্তো নিসম্যানের তদন্তকে নিবিঢ়ভাবে যাচাই-বাছাই করার একটি অবস্থা তৈরি করেছে। আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে কংগ্রেসকে ১৯ জানুয়ারি বিস্তারিত জানানোর কথা ছিল নিসম্যানের। ঠিক এর আগের দিন অজ্ঞাত কারণে তিনি নিহত হন। এ দিকে, মামলা এগিয়ে নেয়ার পলিসিটাসের এই সিদ্ধান্তকে ‘বিচারিক ক্যু’ বলে অভিহিত করেছেন দেশটির একজন জেষ্ঠ্য সরকারি কর্মকর্তা।
উল্লেখ্য, নিসম্যান ইরান থেকে তেল এবং অন্যান্য সামগ্রী আনার সুবিধাজনক চুক্তির বিনিময়ে বোমাহামলার বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা, পররাষ্ট্রমন্ত্রী টিমেরমানসহ সরকারের আরো কিছু কর্মকর্তাকে অভিযুক্ত করেছিলেন। তবে ক্রিস্টিনা ও টিমেরমান দৃঢ়তার সঙ্গে বারবার এ অভিযোগ অস্বীকার করেছেন। এ ছাড়া, ইরানও ১৯৯৪ সালে সংঘটিত ওই বোমাহামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রত্যাখ্যান করে আসছে।