গণভবন থেকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর উদ্বোধন ঘোষণা করেন। একই সময়ে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার নির্মাণ কাজেরও উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পদ্মা সেতু যোগাযোগ মাধ্যমে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। যানজটমুক্ত করতে সরকার এলিভেটেট এক্সপ্রেস ও মেট্রোল রেল প্রকল্প হাতে নিয়েছে। দেশের উন্নয়নের জন্য এ রাস্তা ঘাট একান্তভাবে প্রয়োজন আর এ রাস্তাঘাট উন্নত হলে মানুষের জীবনযাত্রা আরো সহজ হয়ে যায়। গণপরিবহন সহজ হয়। মানুষের অর্থনৈতিক কর্মকান্ড আরো গতিশীলতা পায় এবং দেশ এগিয়ে যায়। আমরা সরকার গঠনের পর থেকে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে এবং বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ৪ লাইনের বিশিষ্ট ফ্লাইওভার ও নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলার সংযোগকারী তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ভিত্তির ভিত্তি প্রস্তার স্থাপন ও উদ্বোধন ঘোষণা করছি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী, সংরক্ষিত নারী আসনের এমপি হোসনে আরা বাবলী, জেলা প্রশাসক আবদুল হাই, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিউদ্দিন প্রমুখ।
এছাড়া আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় খেয়াঘাট, ৫নং ঘাট ও নবীগঞ্জ খেয়া ঘাট দিয়ে প্রতিদিন কয়েক লাখ মানুষ পারাপার হয়।
বিগত বিএনপি সরকারের শেষের দিকে ২০০৬ সালের ৮ অক্টোবর ওই সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহরের নবীগঞ্জ খেয়াঘাট এলাকাতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও সেটা ছিল নিছক নির্বাচনী আইওয়াশ বলে দাবি করেন আওয়ামী লীগের নেতারা।
শীতলক্ষ্যা সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩৭৭ কোটি ৬৩ লাখ টাকা। বাংলাদেশ সরকার সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এর অর্থায়নে এটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। সেতুর দৈর্ঘ্য হবে ১২শ’ ৯০ মিটার। সদরের সৈয়দপুর প্রান্ত থেকে মদনগঞ্জ প্রান্তে এটি শেষ হবে। কাজ শুরু হবে জুলাই মাসে। নির্মাণ কাজ শেষ হবে ২০১৮ সালের জুন মাসে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভারের নির্মান ব্যয় ধরা হয়েছে ২৩৯ কোটি ৭৭ লাখ টাকা। ভুলতায় চারলেন বিশিষ্ট ফ্লাই ওভারের দৈর্ঘ্য হচ্ছে ১২শ’ ৩৮ মিটার ও প্রস্থ ১৭ দশমিক ২০ মিটার। বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়ন করবে সড়ক ও জনপদ অধিদপ্তর। প্রকল্পটি জরিপ ও নকশা প্রনয়ণ সম্পন্ন দরপত্র আহবান করা হয়েছে। ২০১৭ সালের জুন মাসে এর নির্মান কাজ সম্পন্ন হবে।