‘বিএনপির চেয়ারপারসন ২০ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়াকে অঘোষিত গৃহবন্দিত্ব অবস্থায় খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়ে অভুক্ত রেখে হত্যার ষড়যন্ত্র করছে সরকার। প্রতিহিংসার মাত্রাজ্ঞানহীন এমন নিষ্ঠুরতা ও বাড়াবাড়ি দেশের জনগণকে স্বভাবতই চরমভাবে বিক্ষুদ্ধ করেছে। এ বিষয়ে জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক মহল ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আমরা জাতিসংঘ মানবাধিকার কমিশনকে এ ব্যাপারে যথাযথ এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহেমদ শনিবার এক বিবৃতিতে এ সব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, ‘গণমাধ্যম নিয়ন্ত্রণের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার নস্ফিল প্রয়াস ব্যর্থ হতে বাধ্য। শাসকগোষ্ঠীর অন্ধ প্রতিহিংসা ও ক্ষমতা লিপ্সার খেলায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিপন্ন প্রায়। ক্রসফায়ারের মাধ্যমে দেশব্যাপী অব্যাহত গণহত্যা, গণগ্রেফতার, মামলা-হামলা ও চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘনের মধ্য দিয়ে জনজীবনকে বিপর্যস্ত করে সরকার সারা বিশ্ব থেকে বাংলাদেশকে একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করেছে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘দেশের শতকরা ৯০ ভাগ জনগণ নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায়। সমগ্র জাতি আজ সেই লক্ষ্য পূরণের জন্য ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে লিপ্ত। জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত প্রায়। জনগণের প্রত্যাশা ছিল ইতোমধ্যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং জনদাবি মেনে নিয়ে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দেবে কিন্তু এ ধরনের কোনো লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না।’