বিশ্বকাপ নিয়ে কিছু প্রশ্নের উত্তরে শচীন

 
 
এবারের বিশ্বকাপ আসরের শেষ চারে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতকে দেখছেন কিংবদন্তী ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার। সেই সঙ্গে নিজ দেশের দলটির ভাগ্য লিখনে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বড় ভূমিকা পালন করতে পারেন বলেও জানিয়েছেন ভারতের এই ক্রিকেট ইশ্বর।
 
ধোনির নেতৃত্বে ২০১১ বিশ্বকাপ জেতা টেন্ডুলকার একটি বেসরকারি টিভি চ্যানেলকে বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি ধোনিই সেই ব্যক্তি। কেননা এই পর্যায়ে তার প্রায় ১০ বছর খেলার অভিজ্ঞতা রয়েছে এবং সে ধৈর্য্যশীল ও একাগ্র। আপনি জানেন এমনকি সর্বোচ্চ পর্যায়ে সে অত্যন্ত ধৈর্য্যশীল ও একাগ্র এবং আপনি একজন নেতার কাজ থেকে যা আশা করেন।’
 
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া লিজেন্ডারি ব্যাটসম্যান ৪১ বছর বয়সী টেন্ডুলকার বলেন, ‘একজন নেতার উত্তেজিত হওয়া উচিত নয়, যে গুণ তার মধ্যে আছে এবং আপনি জানেন একটা দলকে এগিয়ে নিতে একজন অধিনায়কের ভাল ফর্মে থাকাটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। কেবলমাত্র কোনো একজন ব্যক্তি আপনাকে শিরোপা এনে দিতে পারবে না। পুরো দলের সমর্থন আপনার প্রয়োজন।’
 
তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিও একজন খেলোয়াড় যিনি এই বিশ্বকাপে দ্যুতি ছড়াতে পারেন বলে মনে করছেন টেন্ডুলকার। তিনি বলেন, ‘আমি মনে করি কোহলি ব্রিলিয়ান্ট। তার বড় শক্তি হচ্ছে সে খুব ভালভাবে অবস্থা অনুধাবন করতে পারে। একই সঙ্গে কোন ধরনের পিচ, কন্ডিশনে তাকে ব্যাট করতে হচ্ছে তা-ও সে ভাল বুঝতে পারে। খুব তাড়াতাড়ি সে এটা বুঝতে পারে এবং এরপর কখন কিংবা কিভাবে তাকে রান নিতে হবে সে বিষয়ে নিশ্চিত হতে পারে।’
 
ধুকতে থাকা ওপেনার শিখর ধাওয়ান সম্পর্কে টেন্ডুলকার বলেন, ‘অস্ট্রেলিয়ায় শিখরের সময়টা খুব ভাল যায়নি। তবে সে যখন মাঠে নামবে তার খেলা সেখানকার শক্ত ও বাউন্সি পিচে মানানসই হবে। আমি মনে করি শিখর যেহেতু টুর্নামেন্টের শুরুতেই খেলবে, সে একজন মূল খেলোয়াড় হবে।’
 
এডিলেডে ভারত রবিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। যা ইতোমধ্যেই ক্রিকেট বিশ্বে আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। তবে টেন্ডুলকার বলেন, ‘প্রতিদ্বন্দ্বী দলটি আগের মতো শক্তিশালী নয় এবং তাদের ধারাবাহিকতারও অভার রয়েছে।’
 
১৯৯২ সাল থেকে পাকিস্তানের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের মধ্যে তিনবার সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া টেন্ডুলকার বলেন, ‘দেখুন সময়ের সাথে এখন অনেক কিছুতেই পরিবর্তন এসেছে এবং দলেও পরবির্তন হয়েছে। আমার মনে আছে ২০০৩ সালে সেঞ্চুরিয়নে আমি যখন পাকিস্তানের বিপক্ষে খেলছিলাম সে সময় ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ওয়াকার ইউনিস আব্দুর রাজ্জাক, শহিদ আফ্রিদিদের নিয়ে আমি বলব তাদের ছিল বিশ্ব সেরা বোলিং আক্রমণ বিভাগ। কিন্তু এখন তাদের সেই ধরনের বোলিং বিভাগ নেই। কিন্তু আমি বলছিনা যে নতুনরা ভাল করছে না। তারা এখনো ভাল করতে পারে। কিন্তু আপনি জানেন তাদের ধারাবাহিকতার অভাব রয়েছে। আমার দৃষ্টিতে মোহাম্মদ ইরফান একমাত্র বোলার যে কিনা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কন্ডিশনে ধারাবাহিকভাবে বোলিং করতে পারে। দলে আরো কিছু বোলার রয়েছে। ওয়াহাব রিয়াজ বোলিং করতে পারে। কিন্তু আমি মনে করছি তাদের ধারাবাহিকতার অভাব আছে।’
 
যৌথ আয়োজক নিউজিল্যান্ডের শিরোপা জয়ের সম্ভাবনা সম্পর্কে টেন্ডুলকার বলেন, ‘নিউজিল্যান্ড ও পাকিস্তান খুবই কাছাকাছি দল। আমি মনে করি হিসেবে না ধরা আরেকটি দল নিউজিল্যান্ড। তবে তারা খুবই শক্তিশালী একটি দল। তাদের ভাল বোলিং আক্রমণ রয়েছে এবং তারা সকলেই ব্যাট করতে পারে।’
 
অস্ট্রেলিয়ার তরুণ অধিনায়ক স্টিভেন স্মিথ সম্পর্কে তিনি বলেন, ‘টেস্ট, ওয়ানডে এবং টি-২০ ক্রিকেটে স্টিভ স্মিথ এত ভাল করবে চার মাস আগে কেউ ভাবতে পারেনি। টি-২০ ক্রিকেটে সে সব সময়ই একজন বিপজ্জনক খেলোয়াড় ছিল। কিন্তু টেস্ট ক্রিকেটে এবং অধিনায়কত্বেও সে অসাধারণ দেখিয়েছে। যা তাকে বিশ্বকাপের শীর্ষ খেলোয়াড়দের এক জন হিসেবে শক্তিশালী প্রার্থীতে পরিণত করেছে।’