মাধবপুরে ৭ ভারতীয় নাগরিকসহ আটক ১৪

 
 
হবিগঞ্জের মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের সময় ৭ ভারতীয় নাগরিকসহ ১৪ জনকে আটক করেছে বিজিবি ৫৫ ব্যাটলিয়ন। শনিবার সকালে তাদেরকে হরিণখোলা সীমান্তের কমলপুর নামক স্থান থেকে আটক করা হয়। এর মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন মহিলা, ২ জন শিশু এবং ১৫ ও ২০ বছর বয়সী ২ কিশোরী রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-৫৫ ব্যাটলিয়নের অধিনায়ক সাজ্জাদ হোসেন।

তিনি জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকার ৭ জন নাগরিক কয়েকদিন পূর্বে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল। তারা বাংলাদেশে বসবাসকারী তাদের এক আত্মীয়ের বিয়েতে নিমন্ত্রণে আসে। শনিবার তারা ওই আত্মীয়ের পরিবারের ৭ জন সদস্য বাংলাদেশি নাগরিককে নিয়ে হরিণখোলা সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক প্রত্যেকেই চা বাগানের শ্রমিক। তারা একে অপরের আত্মীয়। বিকেলে ভারতীয় নাগরিকদের বিএসএফ-এর নিকট হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশী ৭ জন চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের শ্রমিক। তাদেরকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেয়া হয়।