বিরাট কোহলির শতকে ভর করে বড় স্কোরের পথে রয়েছে ভারত। ৪৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ২৪৫/২। কোহলি ১০১ ও রাইনা ৫০ রানে ব্যাট করছিলেন।
পাকিস্তানের পক্ষে একটি মাত্র উইকেট পেয়েছেন সোহাইল খান। তার বলে মিসবাহর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান শেখর ধাওয়ান রান আউটের শিকার হয়েছেন।
রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় অস্ট্রেলিয়ার এডিলেডে খেলাটি শুরু হয়। অধিনায়কের সিদ্ধান্ত মোতাবেক ব্যাট করতে নেমে খুবই সতর্কভাবে শুরু করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত ও ধাওয়ান। তবে পাঁচ ওভার পেরোনোর সঙ্গে সঙ্গেই রানের জন্য অস্থির হয়ে ওঠেন তারা। খেসারতও দিতে হয় হাতে হাতেই। দলীয় ৩৪ রানের মাথায় সোহাইল খানের একটি শট বল হাঁকাতে গিয়ে উইকেটের পাশেই ক্যাচ তুলে দেন রোহিত। পরে ধাওয়ান ও কোহলির দৃঢ়তায় সুবিধাজনক স্থানে পৌঁছায় ভারত। ১ উইকেটের বিনিময়ে দেড়’শ পেরোয় স্কোর। দুজনে মিলে গড়েন ১২৯ রানের জুটি। কিন্তু যখন দ্রুত গতিতে রান তোলার দরকার, ঠিক তখনই দলীয় ১৬৩ রানের মাথায় একটি শট রান নিতে গিয়ে রান আউটের ফাঁদে পড়েন ধাওয়ান।