২৬ রাউন্ড গুলি ও বিদেশি রিভ্যালবারসহ আটক ২

র‌্যাব জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ২৬ রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভ্যালবার উদ্ধার করেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, বগুড়া জেলার সুত্রাপুর মহল্লার রকিবুল ইসলাম (৩৬) ও ফুলদিঘী মহল্লার মেহবুবুর রহমান লিটু (৩৯)।
র‌্যাব জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া এলাকায় অভিযান চালাতে যায়। রাত দুইটা ৪৫ মিনিটে  গাইবান্ধা থেকে জয়পুরহাটগামী একটি মোটরসাইকেলে তল্লাশি চালায় র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে জার্মানির তৈরি একটি রিভলবার (৭ রাউন্ড গুলি ভর্তি) সহ ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়াও চারটি মোবাইল সেট, দুইটি ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬৩ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। মেহবুবুর রহমান লিটু বগুড়া সদর থানায় হত্যা মামলার আসামি।
গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।