চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলিরও ঘটনা ঘটে। রবিবার সকাল সাতটার দিকে ছাত্রলীগের বিবাদমান 'ভিএক্স' গ্রুপ ও 'সিএফসি' গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। বর্তমানে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে ভিএক্স’র কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে প্রবেশের চেষ্টা করলে ঘটনার সূত্রপাত হয়।  এ সময় সিএফসি’র কর্মীরা দেশিয় অস্ত্র নিয়ে ভিএক্স কর্মীদের ওপর হামলার চেষ্টা করে।
চবি ছাত্রলীগের সাবেক সদস্য আনোয়ার জাহিদ অমি বলেন, আমরা বৈধ শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে গিয়ে সিএফসি সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছি। এ ব্যাপারে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির মানব সম্পদ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আলম বলেন, তাপস হত্যা কারীরা ক্যাম্পাকে অস্থিতিশিল করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে ক্যাম্পাসে প্রবেশ করেছে। আমরা তাপস হত্যার আসামীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
পরিস্থিতি স্বাভাবিক করতে আনুমানিক সাত/আট রাউন্ড টিয়ারশেল ছুড়েছে পুলিশ। পরে উত্তেজিত সিএফসি কর্মীরা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি দোকান ভাংচুর করে। সকাল সাড়ে ৯টার দিকে সিএফসির কর্মীরা বিশ্ববিদ্যালয়েরে মূল ফটক, শিক্ষক ক্লাবে তালা ঝুলিয়ে দেয়। এ সময় শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় স্টেশনে আসলে কিছু সময়ের জন্য ট্রেনটি আটকে রাখে তারা। এর এক ঘন্টা পর সকাল সাড়ে ১০টার দিকে মূল ফটক এবং শিক্ষক ক্লাবের তালা খুলে দেয়। ক্যাম্পাসে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ ইসমাইল হোসেন জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য ২০১৪ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপ্রের সংঘর্ষে নিহত হন সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাপস সরকার।  ওই দিন শাহজালাল হলে তল্লাশি চালিয়ে পুলিশ ভিএক্সের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করে।  এরপর থেকে ক্যাম্পাস ছাড়া ভিএক্স নেতাকর্মীরা।
জামিন পাওয়ার দু’মাস পর আজ ক্যাম্পাসে প্রবেশ করতে গিয়ে ভিএক্স-সিএফসি’র মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।