প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, বিএনপি-জামায়াত তখন দেশকে পিছেয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা নির্মমভাবে নিরীহ মানুষকে পুড়িয়ে মারছে, শিশু পুড়িয়ে হত্যা করছে এবং দেশের সম্পদ ধ্বংস করছে। রবিবার সকালে রাজধানীর আগারগাঁও কোস্টগার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্টগার্ডের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে ফ্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমি এই বর্বরতা ও নৃশংসতার বিরুদ্ধে দেশপ্রেমিক প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম মকবুল হোসেনের হাতে এই বাহিনীর ন্যাশনাল স্ট্যান্ডার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ডের ২২ কর্মকর্তা এবং ১৩ নাবিককে বীরত্বপূর্ণ অবদান ও সেবামূলক কর্মকা্লের স্বীকৃতি স্বরূপ স্ট্যান্ডার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমার বিশ্বাস এই পদক প্রাপ্তি কোস্টগার্ড সদস্যদের মনোবল ও পেশাগত উত্কর্ষ বহুগুণে বৃদ্ধি করবে।
কোস্টগার্ডের অবদানের স্বীকৃতি জানিয়ে এর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের দেশপ্রেম, অক্লান্ত পরিশ্রম, দক্ষতা ও সততা দিয়ে সরকার ও জনগণের যে আস্থা অর্জন করেছেন তা ধরে রাখতে হবে।