সুশীল ও নাগরিক সমাজের জাতীয় ঐকমত্য কিংবা জাতীয় সংলাপ ও জাতীয় সনদ রচনার উদ্যোগকে স্বাগত জানাবে বলে জানিয়েছে বিএনপি। রবিবার এক বিবৃতিতে দলের যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এই কথা বলেন।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘নির্দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে জাতীয় ঐকমত্য, জাতীয় সংলাপ ও জাতীয় সনদ রচনার যেকোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’
পোশাকশিল্প মালিকদের অনশন কর্মসূচিতে ব্যবসায়ী নেতাদের পানি, গ্যাস ও বিদ্যুত্ বিল ও ট্যাক্স প্রদান বন্ধ করে দেয়ার হুঁশিয়ারিকে স্বাগত জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘অগণতান্ত্রিক অবৈধ সরকারকে রাজস্ব প্রদানের বৈধতা থাকতে পারে না।’
বিবৃতিতে দাবি করা হয়, ‘পল্লবী থানা যুবদলের সাধারণ সম্পাদক নুরে আলমকে পুলিশ তার নিজ বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে থানায় খোঁজ নেয়া হলেও পুলিশ তাকে গ্রেফতারের কথা অস্বীকার করে, কিন্তু পাঁচদিন পর শনিবার নুরে আলমের লাশ উদ্ধার করা হয়।’