নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটিতে আওয়ামী লীগের প্রতিরোধ মঞ্চ থেকে তিনটি তাজা ককটেল উদ্ধারের পর মঞ্চটি গুটিয়ে নেয়া হয়েছে। রবিবার ভোরে ওই তিনটি ককটেলের সঙ্গে মঞ্চ পরিচালনাকারী ও উদ্যোক্তা তিনজনকে প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিরকুট পাওয়া গেছে। তবে আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন, তিতাস গ্যাসের পাইপ স্থাপনের কারণে সাময়িক মঞ্চ গুটিয়ে নেয়া হলেও তাদের কার্য্যক্রম অব্যাহত থাকবে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এস আই ইকবাল হোসেন জানান, স্থানীয় প্রহরীদের সংবাদের ভিত্তিতে পঞ্চবটিতে আওয়ামী লীগের প্রতিরোধ মঞ্চের নিচ থেকে স্কচটেপ মোড়ানো জর্দার তিন কৌটার ককটেল উদ্ধার করা হয়েছে।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল জানান, ককটেলের সঙ্গে তিনটি চিরকুট পেয়েছে পুলিশ। ওই চিরকুটে মঞ্চ পরিচালনাকারী সালাউদ্দিন, আব্দুল হামিদ ও আলীম শেখ নামে তিন নেতাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী জানান, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশ দিয়ে গ্যাস পাইপ বসানো হচ্ছে। আর ওই সড়কের পাশেই মঞ্চটি। যার ফলে মঞ্চটি ভেঙ্গে গ্যাস কর্তৃপক্ষকে কাজ করার সুযোগ দেয়া হয়েছে।
মঞ্চ পরিচালনাকারী আওয়ামীলীগ নেতা আলীম শেখ জানান, যত ধরনের হুমকি দেয়া হউক না কেন আমরা রাজপথ ছাড়বো না। গ্যাস পাইপ বসাতে ১০দিন সময় লাগবে। এরপর আবারোও মঞ্চ ওই স্থানে বসানো হবে।
মঞ্চ পরিচালনাকারী সালাউদ্দিন জানান, মঞ্চে প্রতিনিদিন ২০ হাজার টাকা ব্যায় হত। এই টাকা দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আমরা তিনজন সংগ্রহ করতাম। প্রায় এক মাসের বেশি সময় ধরে মঞ্চ পরিচালনা করে আসছি। এখন ক্লান্ত। তাই ১০দিনের জন্য অবসরে থাকার জন্য মঞ্চ ভেঙ্গে ফেলা হয়েছে।
দেশব্যাপী অবরোধ ও হরতালের বিরোধীতা করে ফতুল্লার পঞ্চবটিতে প্রতিরোধ মঞ্চে প্রতিদিন সভা, সমাবেশ ও সঙ্গীতানুষ্ঠান চলে।