ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাংচুর করেছে রোগীর আত্মীয়-স্বজনরা। রবিবার সকালে পৌর শহরের বাসাইল এলাকার দাস্তগীর মেডিক্যাল সেন্টার এন্ড হসপিটালে এ ঘটনা ঘটে।
নিহত রৌশনারা জলির (৩০) স্বামী বানিয়াছলবাসী রাসেল শেখ জানান, গত সোমবার বিকেলে তার স্ত্রীর প্রসব বেদনা উঠলে হলে তাকে বাসাইলের দাস্তগীর মেডিক্যাল সেন্টার এন্ড হসপিটালে ভর্তি করা হয়। সন্ধ্যা ৬টায় ডা. সাইফুল ইসলাম ও হেলেনা হালিম নামে দুই ডাক্তার তার অস্ত্রপাচার করে। এসময় তার একটি কন্যা সন্তান জন্ম লাভ করে।
কিছুক্ষণ পর থেকে রোগীর মুখ দিয়ে রক্ত বোমি বের হতে থাকে। পর্যায়ক্রমে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাত ৯টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী হৃদরোগ ইন্সটিটিউটে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তিনি মারা যান। নিহত জলি ও রাসেলের দাম্পত্য জীবনে তাদের জাহিদ নামে ৪ বছরের আরেকটি ছেলে সন্তান রয়েছে।
এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ও রোগীর স্বজনরা হাসপাতালের বিভিন্ন স্থাপনা ভাংচুর করেছে। খবর পেয়ে নরসিংদী সদর থানা ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।