রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

 
 
 
 
 
 
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রবিবার নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। সকাল ৯টার দিকে বাড্ডা এলাকার পাঁচখোলা নতুন বাজারের ১০০ ফুট রাস্তায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মহারানী (৪০) নামের এক পথচারী গুরুতর আহত হন। পরে মহারানীর স্বামী নরেন্দ্র সরকার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেকে) নিয়ে গেলে সকাল সোয়া ১০টায় কর্তব্যরত চিকিত্সক মৃত বলে ঘোষণা করেন। মিরপুর সেনপাড়ার পর্বতা এলাকায় ঢাকা সিএনজি লিমিটেডের সামনে ভোর ৫টায় নিজের ট্রাকচাপায় কবির হোসেন বজলু (৩০) নামের এক চালক ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে—ভোরে পল্লবী থানাধীন মাঝিপাড়া এলাকা থেকে বজলু বালি আনার জন্য দিয়াবাড়ী এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় তার ট্রাকটি একটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানচালক মারা গেছেন ভেবে বজলু ভয় পেয়ে চলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়েন। এ সময় তিনি পাশের আইল্যান্ডের কাঁটাতারের বেষ্টনী পার হয়ে দ্রুত পালাতে গেলে কাঁটাতারে আটকে তারই চলন্ত ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপর দিকে, ভোর ৫টার দিকে মুগদা থানার মুগদা স্টেডিয়াম এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পত্রিকা হকার মারা গেছেন। নিহত ব্যক্তি মুগদা এলাকার ওয়েসিস স্কুলগলি এলাকার বাসিন্দা জসিম উদ্দিন (৩৬)। তিনি শাহবাগ সংবাদপত্র হকার্স সমিতির সুপারভাইজর ছিলেন।
মুগদা থানার এসআই সিরাজুদ্দৌলা জানান—ভোরে জসিম বাইসাইকেল চালিয়ে শাহবাগে কর্মস্থলে যাওয়ার সময় একটি তেলবাহী লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিন জনের  লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।