গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। রবিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের জন্য খাবার নিয়ে ওই কার্যালয়ে গিয়েছিলেন বেবী নজনীন।
প্রত্যক্ষদশীরা জানায়, সন্ধ্যা সাতটার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে খাবার নিয়ে আসেন বেবী নাজনীন। কিন্তু ফটকে থাকা এসবি সদস্যরা তাকে আটকে দেয়। এসময় হটপট হাতে বেবী নাজনীন কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন। রাত সাড়ে সাতটার দিকে একটি মাইক্রোবাসে আসা মহিলা পুলিশ সদস্যরা বেবী নাজনীনকে টেনে তাদের গাড়িতে তুলে নেন। গাড়িটিকে গুলশান থানার দিকে যেতে দেখা যায়।
ডিএমপি গুলশান বিভাগের উপ-কমিশনার লুত্ফুল কবীর ইত্তেফাককে বলেন, বেবী নাজনীনকে আটক করা হয়নি। তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়া দেয়া হয়েছে। একই কথা জানিয়েছেন গুলশান থানার ওসি রফিকুল ইসলাম।
কণ্ঠশিল্পী বেবী নাজনীন বিএনপির সহযোগী সংগঠন জাসাসের সঙ্গে যুক্ত।