চীনা রাষ্ট্রদূত মা মিং জিয়াং আশা করেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট ও সহিংসতার অবসান ঘটে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। গতকাল রবিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাত্ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরো বলেন, চীন বাংলাদেশের সর্বিক উন্নয়ন ও শান্তি দেখতে আগ্রহী। তিনি নিরীহ মানুষদের ওপর আক্রমণে গভীর উদ্বেগ প্রকাশ করেন ও আক্রান্তদের জন্য সমবেদনা জানান।
পররাষ্ট্রমন্ত্রী চীনা রাষ্ট্রদূতকে বলেন, বিএনপি-জামায়াত জোট বর্তমানে যা করছে তা গণতন্ত্রের ভাষা হতে পারে না। অবরোধ দিয়ে তারা সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে ও সহিংসতা চালাচ্ছে। ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী ও চীনা রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত জানান, আগামীতে বাংলাদেশের উন্নয়নে চীন সক্রিয় উন্নয়নে অংশীদার হিসেবে ভূমিকা রাখবে। চীনা অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়েও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন রাষ্ট্রদূত।