সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় দেবহাটা উপজেলার কুলিয়া ও বিকালে কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ এলাকায় দুর্ঘটনা দুইটি ঘটে।
নিহতরা হলেন- দেবহাটার বহেরা গ্রামের হযরত আলীর স্ত্রী সাবিকুন নাহার (২৬) ও কালিগঞ্জের ছনকা গ্রামের মৃত এবাদুল্লাহ শেখের ছেলে ব্যবসায়ী নুর ইসলাম (৭০)।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা কালিগঞ্জগামী একটি বাস পথিমধ্যে উপজেলার কুলিয়া গার্লস স্কুলের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাবিকুন নাহার নিহত হন।
অপরদিকে, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ব্যবসায়ী নুর ইসলাম বিকালে উপজেলার নাজিমগঞ্জ বাজারে রাস্তা পার হয়ে ব্যাংকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
ইত্তেফাক/আরকেজি