যশোর কোতয়ালি মডেল থানার অভ্যন্তরে বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে সেনাবাহিনীর ২ জন এবং পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তারা হলেন— যশোর সেনানিবাসের সৈনিক কোরবান আলী ও তারেক এবং পুলিশ কনস্টেবল জাফর। তাদের সকলকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
কোতয়ালি মডেল থানা কোয়ার্টারের চত্বরে গিয়ে দেখা যায়, কাঠের একটি বেঞ্চের ওপর বিস্ফোরিত একটি বোমার কিছু অংশ পড়ে রয়েছে। নিচে বিস্ফোরণ ঘটানো হয়েছে এমন ১৩টি বোমার অবশিষ্টাংশ পড়ে আছে। পাশেই মাটিতে একটি এবং বালতিতে পানির মধ্যে ভিজানো আরও ৭টি অবিস্ফোরিত বোমা রয়েছে। পুলিশ সুপার আনিসুর রহমান ‘ইত্তেফাক’কে জানান, অবিস্ফোরিত বোমা কবে নিষ্ক্রিয় করা হবে সে ব্যাপারে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল আমাদের সিদ্ধান্ত জানাবে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মামলা ৩টির তদন্ত কর্মকর্তা। তাদের একজন এসআই ফারুক হোসেন ‘ইত্তেফাক’কে জানান, বিকট শব্দে বোমাটির বিস্ফোরণ হলে একটি অংশ তার নিজের পায়ে এসে লাগে। ভয় পেয়ে তিনি দৌড়ে পালান। সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা জানান, তিনি এর আগে অনেক বোমা নিষ্ক্রিয় করার কাজ করেছেন। কিন্তু এমন ঘটনা তিনি আগে প্রত্যক্ষ করেননি।