রিপোর্টার্স স্যান্স ফ্রন্টিয়ার্সের সূচক বাস্তবতা বিবর্জিত: তথ্যমন্ত্রী

সম্প্রতি ফরাসি সংস্থা ‘রিপোর্টার্স স্যান্স ফ্রন্টিয়ার্স (Reporters Sans Frontiers) প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স-২০১৪ বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র বিবৃতি—

‘সম্প্রতি ফরাসি সংস্থা ‘রিপোর্টার্স স্যান্স ফ্রন্টিয়ার্স’ প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স ২০১৪ -এর সূচকে বাংলাদেশের অবস্থান যেভাবে দেখানো হয়েছে তা গ্রহণযোগ্য নয়। কারণ এটি সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত, ভিত্তিহীন, মনগড়া ও কল্পনাপ্রসূত।

বাংলাদেশের গণমাধ্যম স্মরণকালের মধ্যে এখন সবচাইতে স্বাধীনভাবে কাজ করছে। বর্তমান সরকারের আমলে সংবাদ গণমাধ্যম সবচাইতে বেশি সম্প্রসারিত ও বিকাশ লাভ করেছে। বিগত সরকারের আমলে যেখানে দৈনিক, সাপ্তাহিক, মাসিকসহ মোট ৬০০ পত্র-পত্রিকা প্রকাশিত হতো, সেখানে এখন এ সংখ্যা দাঁড়িয়েছে ১২শ’রও বেশি। দেশে এখন ২৬টি বেসরকারি টেলিভিশন চ্যানেল সম্পূর্ণ স্বাধীনভাবে সম্প্রচারিত হচ্ছে, যেখানে সরকারি টেলিভিশনের সংখ্যা মাত্র ৩টি। একইসাথে বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারিভাবে সম্প্রচারিত হচ্ছে ১১টি এফএম রেডিও। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর হিসেবে ৩২টি কমিউনিটি রেডিওকে সম্প্রচারের অনুমতি দিয়েছে, যার মধ্যে ১৪টির পূর্ণ সম্প্রচার চলছে। সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত বিভিন্ন পত্রিকা সম্পূর্ণ স্বাধীনভাবে প্রকাশিত হচ্ছে। - তথ্য বিবরণী