ওয়েস্ট ইন্ডিজের বেঁধে দেয়া ৩০৫ রানের বড় টার্গেট সহজেই অতিক্রম করে জয় পেয়েছে ক্রিকেটে জায়ান্ট-কিলার হিসেবে পরিচিতি পাওয়া আয়ারল্যান্ড। ৪.১ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় আইরিশরা। ফলে ৪ উইকেটে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের পরাজিত করে তারা। আর এই জয়ে তাদের 'জায়ান্ট-কিলার' খ্যাতিটা আরো দৃঢ় হল।
৩০৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে দলীয় ৭১ রানের মাথায় ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ড ব্যক্তিগত ২৩ রানে গেইলের বলে ক্যাচআউট হন। এরপর এড জয়েসের সাথে ১০৬ রানের পার্টনারশিপ গড়ে দলীয় ১৭৭ রানে অপর ওপেনার পল স্টারলিং সাজঘরে ফেরেন। ৮৪ বলে ৯২ রান করেন তিনি। মারলন স্যামুয়েলসের বলে রামদিনের গ্লাভসবন্দি হন তিনি। ২৭৩ রানে এড জয়েস ৬৭ বলে ৮৪ রানের দুর্দন্ত ইনিংস খেলে টেইলরের বলে আউট হন। অ্যান্ড্রু বালবিরনি এবং গ্যারি উইলসনও টেইলরের শিকার হন। কেভিন ও’ব্রায়ান হন রানআউট।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষ পর্যন্ত বড় স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৩০৪ রান। ল্যান্ডল সিমন্সের সেঞ্চুরীর ওপর ভর করে ৩০০ রানের মাইল ফলক পেরোয় তারা। সিমন্স মাত্র ৮৪ বল খেলে ১০২ রান করেন। এর মধ্যে ৯ চার ও ৫টি ছয়ের মার রয়েছে। সেঞ্চুরীর পরপরেই দলের এই কান্ডারী ম্যাক্স সোরেনসেনের বলে জর্জ ডকরেলের হাতে ক্যাচআউট হন।
দলীয় ৩০ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন ঘটে। কেভিন ও’ব্রায়ানের বলে জন মুনির হাতে ধরা পড়ে ব্যক্তিগত ১৮ রানে সাজঘরে ফিরে যান ডুয়াইন স্মিথ। ৩১ রানের মাথায় কোন বল না খেলেই রান আউট হন ড্যারেন ব্রাভো। এরপর দলীয় ৭৮ রানে পরপর দুটি উইকেট হারিয়ে বিপদে পড়ে উইন্ডিজ। জর্জ ডকরেলের বলে কেভিন ও’ব্রায়ানের হাতে ক্যাচ আউট হন ক্রিস গেইল। মারলন স্যামুয়েলস জর্জ ডকরেলের বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। দিনেশ রামদিনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ওয়েস্ট ইন্ডিজের বিপদ আরো বাড়ান বাঁহাতি স্পিনার ডকর্রেল।
এরপর ড্যারেন সামি ও ল্যান্ডল সিমন্সের ভাল পার্টনারশিপে বড় স্কোর গড়ে ক্যারিবীয়রা।
আয়াল্যান্ডের পক্ষে জর্জ ডকরেল ৩টি এবং কেভিন ও’ব্রায়ান, জন মুনি ও ম্যাক্স সোরেনসেন ১টি করে উইকেট নেন।
বিশ্বকাপের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড। নিজিল্যান্ডের নেলসনে বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টায় ম্যাচটি শুরু হয়। আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।