পিস্তল রিভ্যালবার- গানপাউডারসহ ৬ ডাকাত গ্রেফতার

দিনাজপুরের বিরামপুর থানাপুলিশ রবিবার দুইটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গান পাউডারসহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার সন্ধায় বিরামপুর কলেজবাজার থেকে জিয়াউর রহমান (৩৮) ও মামুনুর রশিদকে (৪৩) আটক করেন। তাদের দেহ তল্লাশি করে পুলিশ একটি পিস্তল, একটি রিভ্যালবার, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি ও গান পাউডার উদ্ধার করেছে। তাদের দেয়া তথ্য মতে পুলিশ রাতেই হাসপাতাল এলাকা থেকে জাহিদুল ইসলাম করলা (৪৫), আ. হামিদ (৪২), আবুল কালাম (৩৫) ও  মোস্তফাকে (২৮) গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে পুলিশ ২০০ গ্রাম গান পাউডার, দেড় কেজি কাচের টুকরা, সুতলী ও দুটি মাটির খুড়ার শাবল উদ্ধার করেছে।
এসআই আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে করা মামলায় তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, ওই ছয়জন  আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। রাতে শহরের স্বর্ণপট্টিতে সোনার দোকানে ডাকাতির প্রস্তুতি নিয়ে তারা বিরামপুরে এসেছিলেন।  তাদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে।