ভোমরা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত

ভারত থেকে গরু নিয়ে ফিরে আসার পথে সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতীয় বিএসএফ’র গুলিতে সাইফুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার ভোররাতে সদর সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তের শিবতলা-নেকুদা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাইফুল ইসলাম সাতক্ষীরা শহরতলীর গড়েকান্দা গ্রামের মো. জিন্নাহ মোড়লের ছেলে।
আহতের স্বজনরা ও সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে, রবিবার বিকালে সাইফুলসহ তার কয়েকজন সহযোগী ভারতে গুরু আনতে যায়। সোমবার ভোররাতে গরু নিয়ে ফেরার পথে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে সাইফুল গুলিবিদ্ধ হন। পরে সহযোগীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর হাসপাতালে সাইফুলের অস্ত্রপচার চলছিল।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়ন কমান্ডার (ভারপ্রাপ্ত) মেজর নজির আহমেদ বকশি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আহতের নাম পরিচয় জানাতে পারেননি।