পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

 
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা আবুল কাওছার মো. নজরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মো. আবু তালেব সরকারকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক পরিপত্রে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর আকতার শিপনকে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।
 
আবুল কাওছার মো. নজরুল ইসলাম গাইবান্ধা জেলা জামায়াতের সুরা সদস্য এবং  মো. আবু তালেব সরকার পলাশবাড়ী উপজেলা সদর ইউনিয়ন জামায়াতের আমির।
 
গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান জানান, উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (উপজেলা সংশোধন আইন ২০১১) ধারা ১৩ (খ) (১) অনুসারে স্থানীয় সরকার পল্ল­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব লুত্ফুন নাহার স্বাক্ষরিত ১৫ ফেব্রুয়ারি’২০১৫ খ্রী: এর ১৫২ এবং ১৫৩ নং স্মারকের এক পরিপত্রে ওই নির্দেশনা দেয়া হয়।
 

গাইবান্ধা জেলা প্রশাসক মো. এহছানে এলাহী জানান, সোমবার এই পরিপত্র তিনি পেয়েছেন এবং সোমবার থেকেই তা কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো জানান, গাইবান্ধায় জামায়াতের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে সম্প্রতি আদালতে একাধিক মামলায় চার্জশিট দেয়া হয়েছে।